সাইবার প্যাট্রলিং করছে পুলিশ-র্যাব
করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অসত্য তথ্য বা গুজব’ ছড়ানোর বিরুদ্ধে সাইবার প্যাট্রলিং করছে পুলিশ-র্যাব। গুজব ছড়ানোর অভিযোগে গত কয়েকদিনে সারাদেশে ১৮ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। অপরদিকে অন্তত ৯ জনকে আটক করেছে র্যাব।
সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং সেলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাসের গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে এমন তিন শতাধিক ফেসবুক আইডি নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ইতিমধ্যে গুজব ছড়ানো অন্তত ১৫টি কনটেন্ট ইন্টারনেট থেকে অপসারণ করা হয়েছে।
অপরদিকে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানিয়ছেন, এক মাস ধরে করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টির বিরুদ্ধে সাইবার মাধ্যম মনিটরিং করছে র্যাবের সাইবার প্যাট্রলিং ইউনিট।
জানাগেছে, মূলত দুই ভাবে করোনা নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। একটি হচ্ছে সফট পুশ, যেখানে মানুষকে বলে বুঝিয়ে কনটেন্ট মুছে ফেলা হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে হার্ড পুশ। এই তারিকায় গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরিতে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।